Logo Logo

হিন্দুস্তান টাইমসের খবর

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন দলীয় প্রধান তারেক রহমান। এই রাজকীয় শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারছেন না।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের এই পূর্বনির্ধারিত সফরের কারণেই তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির ঢাকা সফর সম্ভব হচ্ছে না।

ম্যাক্রোঁ ভারতে অবস্থানকালে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মুম্বাইয়ের বৈঠকের পর তিনি নয়া দিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট’ সম্মেলনে যোগ দেবেন। এই ব্যস্ত সূচির কারণে প্রধানমন্ত্রী মোদি আসতে না পারলেও ভারতের পক্ষ থেকে উচ্চপদস্থ প্রতিনিধি দল শপথ অনুষ্ঠানে যোগ দেবে।

ধারণা করা হচ্ছে, ভারতের ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রী এস এম জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় মোদি উল্লেখ করেন, এই ভূমিধস বিজয় তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

শুভেচ্ছা বিনিময়ের সময় ভারতীয় প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে উভয় দেশের বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনে দুই দেশ একযোগে কাজ করে যাবে।

ভারতীয় প্রধানমন্ত্রীর এই ইতিবাচক বার্তার জন্য বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...