ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এমপিদের শপথের মধ্য দিয়ে শুরু হবে সংসদীয় কার্যক্রমের আনুষ্ঠানিকতা, আর বিকেলেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সাংবিধানিক জটিলতার কারণে এবার শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী স্পিকার বা তার মনোনীত ব্যক্তির শপথ পড়ানোর কথা থাকলেও, বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী সিইসি এই দায়িত্ব পালন করবেন।
এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, দীর্ঘদিনের রীতি ভেঙে এবার সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানকে আন্তর্জাতিক রূপ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারত, চীন, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় আরও রয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, তুরস্ক ও ব্রুনেই।
সংসদীয় নিয়ম অনুযায়ী, এমপিদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। এরপর নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানাবেন।
ইতিমধ্যেই নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি এবং সরকারি আবাসন পরিদপ্তরের পক্ষ থেকে মন্ত্রিপাড়া বা বাসভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে। গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করার পর থেকেই দেশজুড়ে নতুন এই সরকারের যাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...