বিজ্ঞাপন
গত ৭ বছর ধরে ভ্যান চালকদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে এই টোল আদায় করা হচ্ছিল। এমপি জিলানীর এই জনবান্ধব সিদ্ধান্তে স্থানীয় ভ্যান চালকদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
টুঙ্গিপাড়া পৌরসভা ইজারার মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছর থেকে প্রতিদিন প্রতিটি ভ্যান থেকে ১০ টাকা করে টোল আদায় করত। বিষয়টি নিয়ে গত কয়েক বছরে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হলেও ইতিপূর্বে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বল্প আয়ের এই মানুষগুলোকে প্রতিদিন নিজ উপার্জনের একটি অংশ টোল হিসেবে গুনতে হতো।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই এস এম জিলানী এই সমস্যাটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে আলোচনা করে দ্রুত টোল বন্ধের অনুরোধ জানান।
তার অনুরোধের প্রেক্ষিতে টুঙ্গিপাড়ার ইউএনও তাৎক্ষণিকভাবে টোল আদায় কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে নতুন করে ইজারা দিয়ে টোল আদায়ের যে পরিকল্পনা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে।
এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ভ্যান চালকরা। আব্দুল মালেক নামে এক ভ্যান চালক জানান, সারাদিন ভ্যান চালিয়ে ৪০০-৫০০ টাকা আয় করে সংসার চালানো কঠিন হয়ে পড়ে, সেখানে ১০ টাকা টোল দেওয়া ছিল বড় বোঝা।
আরেক চালক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই টোল বন্ধের দাবি জানালেও এবারই প্রথম এর বাস্তবায়ন দেখলাম।
ভ্যান চালক শুভ মণ্ডলও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে তাদের মতো শ্রমজীবী মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, টুঙ্গিপাড়ার সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর যেন কোনো অযৌক্তিক আর্থিক চাপ না থাকে, সেটি নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ্য। ভ্যান চালকদের কষ্টের কথা প্রশাসনের নজরে আনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন।
তিনি আরও ঘোষণা দেন যে, আগামীতে পাটগাতী শেখ লুৎফর রহমান সেতুতে আদায় করা টোলের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...