বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভীমখালী ইউনিয়নের হারারকান্দি (মল্লিকপুর) গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাইফুল মেম্বার (৩০), হোসেন আহাম্মদ ও আনোয়ার মিয়াসহ প্রায় শতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার নির্মাণাধীন বসতঘরে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা দেশীয় অস্ত্রসজ্জিত অবস্থায় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। এরপর বসতঘরের টিন, বাঁশ, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে ঘরের কাঁথা-বালিশ ও কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা যাওয়ার সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর থেকে আব্দুল খালিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হারারকান্দি গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আব্দুল হক বলেন, “সকালবেলা ইউপি সদস্য আকাশ মিয়া আমাকে ফোন করে জানান, খালিক মিয়ার বাড়িতে হামলার আশঙ্কা রয়েছে। কিছুক্ষণ পর দেখি শতাধিক লোক হাতে দেশীয় অস্ত্র নিয়ে হাওরের মাঝ দিয়ে আমাদের গ্রামের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে থানায় জানাই। পুলিশ আসার আগেই তারা হামলা চালিয়ে পুরো ঘর ভেঙে ফেলে, পরিবারের লোকজনকে মারধর করে মালামাল লুট করে নেয়।”
ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, “জমি সংক্রান্ত একটি বিরোধ আগে থেকেই ছিল। কিন্তু এভাবে সংঘবদ্ধ হয়ে কারও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো অত্যন্ত নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। এর কোনো বৈধতা নেই।”
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...