Logo Logo

অবসরে গেলেন পাইকগাছার ‘মডেল’ শিক্ষক মিলি জিয়াসমিন


Splash Image

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরে গিয়েছেন।


বিজ্ঞাপন


প্রাথমিক শিক্ষা পরিবারের সকলের কাছে এক অনন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই শিক্ষক গতকাল ১৫ ফেব্রুয়ারি তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করেন। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের।

মিলি ইয়াসমিন দীর্ঘ ৮ বছর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি উপজেলার সেরা বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে। কেবল পুঁথিগত বিদ্যাই নয়, বরং খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা উপেক্ষা করে বিদ্যালয়ের উন্নয়নে নিজের মেধা ও প্রতিভাকে উৎসর্গ করার কারণে অনেকেই তাঁকে ‘মডেল স্কুলের মডেল’ হিসেবে আখ্যায়িত করে থাকেন।

রবিবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। তিনি মিলি জিয়াসমিনের কর্মময় জীবনের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে তাঁকে অনুসরণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী এই প্রধান শিক্ষক। তিনি শিক্ষকতা জীবনের প্রতিবন্ধকতা ও অর্জনের স্মৃতিচারণ করেন।

সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই প্রশিক্ষক হাফিজ আল আমিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদার এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন। এছাড়া সহকারী শিক্ষক রহমত আলী ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক ও সহকারী শিক্ষকদের মধ্যে হাফিজা খাতুন, রত্না গোলদার, রনজুমানারা, গীতা রানী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুস্মিতা রায়, শামিমা নাসরিন শিমা, আজমেরী সুলতানা, এস এম আমিনুর রহমান, শাহানা ইয়াসমিন, আব্দুস সালাম, আবু সাঈদ পলাশ এবং শিক্ষার্থী আব্দুর রহমান।

বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মিলি জিয়াসমিনকে মানপত্র ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...