বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটি ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সূত্রমতে, নতুন মন্ত্রিসভা গঠিত হবে অভিজ্ঞ প্রবীণ এবং উদ্যমী নবীন নেতাদের সমন্বয়ে। ২০০১-২০০৬ মেয়াদের সাবেক মন্ত্রীরা যেমন এখানে থাকছেন, তেমনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া তরুণ নেতাদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া মন্ত্রিসভায় বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রিসভার চূড়ান্ত কাঠামো এবং দপ্তর বণ্টন নিয়ে আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বৈঠকেই জাতীয় সরকার গঠন এবং যুগপৎ আন্দোলনের শরিকদের অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট হতে পারে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয়ী বিএনপি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শরিকদের কতটুকু মূল্যায়ন করবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য মন্ত্রিসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেনের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।
এছাড়া টেকনোক্র্যাট কোটায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে আব্দুল আউয়াল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
তরুণ ও নতুন মুখদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কায়সার কামালসহ বেশ কয়েকজন মন্ত্রিসভায় চমক হিসেবে আসতে পারেন। টেকনোক্র্যাট কোটায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেলের নামও আলোচনায় রয়েছে।
যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা প্রবল। পাশাপাশি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, শাহাদাত হোসেন সেলিম এবং ড. রেজা কিবরিয়াকেও নতুন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে দেখা যেতে পারে।
মন্ত্রিসভার বাইরেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে অনেক নেতাকে পদায়ন করা হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপ জানতে দেশবাসীকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...