Logo Logo

হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান


Splash Image

বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গতকাল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিরক্ষা বাহিনীর 'লাইভ' সামরিক মহড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, চলমান সামরিক মহড়া শেষ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকবে। তবে মহড়া কবে শেষ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা ইঙ্গিত দেয়নি তেহরান। এর আগে গত মঙ্গলবার আইআরজিসি’র কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি মহড়ার বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন।

রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি জানিয়েছেন, যতদিন মহড়া চলবে, ততদিন এই প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় কবে খুলে দেওয়া হবে, তা সম্পূর্ণভাবে দেশটির রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্তকারী হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে প্রতিদিন জাহাজ যোগে সরবরাহ করা মোট তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশই এই রুট দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথ বন্ধ হওয়ায় বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওমানের মাস্কাটে প্রথম পর্ব শেষে গতকাল মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডের জেনেভায় সংলাপের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই কূটনৈতিক আলোচনার মধ্যেই সামরিক শক্তির মহড়া প্রদর্শন করে জলপথ বন্ধের ঘোষণা দিল ইরান।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে আলোচনার প্রথম পর্ব শুরুর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের বিশাল নৌবহর মোতায়েন করেছে। বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজগুলো আরব সাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগরে টহল দিচ্ছে, যা পরিস্থিতির গভীরতা আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র : এএফপি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...