Logo Logo

পূর্ব প্রশান্ত-ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় নিহত ১১


Splash Image

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন তিনটি মাদক পাচারকারী নৌযানে বড় ধরনের অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এই অভিযানে মোট ১১ জন পাচারকারী নিহত হয়েছেন। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে দুটি এবং ক্যারিবিয়ান সাগরে একটি সন্দেহজনক নৌযানে আক্রমণ চালায় মার্কিন নৌসেনারা। এতে প্রশান্ত মহাসাগরীয় নৌযান দুটিতে থাকা ৮ জন এবং ক্যারিবিয়ান সাগরের নৌযানটিতে থাকা ৩ জন নিহত হন। নিহতদের সবাই পুরুষ বলে জানানো হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তার এই অভিযোগের পরই সেপ্টেম্বর থেকে এই দুই সমুদ্রপথে কড়া নজরদারি ও নিয়মিত অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড।

বিবিসির তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে ৪০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে মার্কিন নৌবাহিনী। মাদক চোরাচালান রোধে এই অভিযানগুলো চালানো হচ্ছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

সূত্র : বিবিসি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...