Logo Logo

নোয়াখালী জেলা আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক- ৫


Splash Image

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।

এর আগে বুধবার ভোরে শহরের টাউন হল এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে একদল নেতাকর্মী জড়ো হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙিয়ে দেন এবং দলীয় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই কার্যালয়টিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল, যার পর থেকে এটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

আকস্মিক এই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙিয়েছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিষয়ে বর্তমানে যাচাই-বাছাই চলছে। তিনি আরও জানান, ঘটনার কিছুক্ষণ পরেই প্রধান ফটক থেকে ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের এই তৎপরতাকে কেন্দ্র করে বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী যে কাউকেই কঠোর হস্তে দমন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...