Logo Logo

মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের মিছিল


Splash Image

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং বাজার সিন্ডিকেট প্রতিরোধের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের অন্তর্ভুক্ত ইমামগণ এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশ নিয়ে রমজানের মর্যাদা রক্ষায় বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মাদুল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির ওপর ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তবে কিছু অসাধু ব্যবসায়ী এ সময় সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যা কাম্য নয়। তারা অবিলম্বে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিশেষ করে শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চরম সংকটে রয়েছেন। তারা যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...