Logo Logo

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালিস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে আমিষজাতীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

বক্তব্যের একপর্যায়ে সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনকল্যাণমুখী রাজনীতির স্মৃতিচারণ করেন। একইসঙ্গে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজে অনেক কষ্ট ভোগ করলেও অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সকল কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়া বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...