Logo Logo

ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু


Splash Image

ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি ও আশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালা শুরু হয়েছে। উৎসবের প্রথম দিন আজ বৃহস্পতিবার দুপুরে আশ্রম প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আশ্রমের সদস্য ও রূপালী ব্যাংকের সাবেক জিএম অশোক সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।

আলোচনা সভায় বক্তারা শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মানবকল্যাণে তাঁর অবদান অনন্য। মানবপ্রেম ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশ্রমের সহ-সম্পাদক স্বামী কালী কেশানন্দ এবং উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ স্বামী শুর বরানন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিলয় চক্রবর্তী। ধর্মীয় এই উৎসবে ফরিদপুর ও পার্শ্ববর্তী এলাকার উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।

উৎসবের প্রথম দিনে ভোর সাড়ে পাঁচটায় মঙ্গল আরতির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর বৈদিক মন্ত্র ও স্তবগান, বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি ও হোম, জপ-ধ্যান, ধর্মগ্রন্থ পাঠ, ভোগ আরতি, প্রসাদ বিতরণ এবং পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আরতি ও ভাগবত পাঠের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

আগামীকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনেও থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র ও স্তবগান, ঠাকুর পূজা, ভক্তসম্মেলন, ভাগবত পাঠ ও রামায়ণ গান। পরিশেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক উৎসবের সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...