Logo Logo

নির্বাচনী অনিয়মের শুনানির জন্য ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন


Splash Image

ফাইল ছবি।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত ‘নির্বাচনী আবেদনপত্র’ শুনানির জন্য হাইকোর্টে বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়।


বিজ্ঞাপন


প্রধান বিচারপতির নির্দেশনায় গঠিত এই ট্রাইব্যুনালে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি বিষয়ের পাশাপাশি ২০০১ সালের সংশোধনীসহ ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী আবেদনসমূহ স্থানান্তরিত হবে।

আইন অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম সংবলিত গেজেট জারির পরবর্তী ৪৫ দিনের মধ্যে যেকোনো প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে এই ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। এই বেঞ্চই সংশ্লিষ্ট রুল ও আবেদনপত্র গ্রহণ ও বিস্তারিত শুনানি পরিচালনা করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই গেজেটে নির্বাচিত সদস্যদের পূর্ণাঙ্গ পরিচিতি তুলে ধরা হয়েছে।

বর্তমানে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। তবে উচ্চ আদালতের বিশেষ নির্দেশনা থাকায় ২৯৯টি আসনের মধ্যে আপাতত দুটি আসনের ফলাফলের গেজেট স্থগিত রাখা হয়েছে। ওই দুটি আসন বাদে বাকি ২৯৭টি আসনের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষেত্রেই ট্রাইব্যুনালে আবেদনের সময়সীমা কার্যকর হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...