Logo Logo

বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলার সাহেবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


এর পরপরই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, "আজকের স্বাধীন বাংলাদেশের বীজ বপন হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের হাত ধরে। তৎকালীন পাকিস্তান সরকার যখন উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল, তখন এদেশের ছাত্র-জনতা রাজপথে বুকের রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে। সালাম, বরকত, রফিকের সেই আত্মত্যাগের পথ ধরেই আমাদের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল।"

দিবসটি পালনের ধারাবাহিকতায় সকাল ৯টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এক বিশাল প্রভাতফেরি র‍্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে র‍্যালিটি শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রভাতফেরি শেষে শহিদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় ইউএনও রুমানা আফরোজ বলেন, "বাঙালি জাতির জীবনে একুশে ফেব্রুয়ারি এক গৌরবময় দিন। পৃথিবীতে একমাত্র আমরাই মাতৃভাষার জন্য জীবন দিয়েছি। শহিদদের রক্তে ভেজা এই ভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের মাঝে এই ত্যাগের চেতনা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।"

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহিদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...