Logo Logo

বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ গোলাম আজম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা এবং প্রভাষক ইয়াসমিন সুলতানা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পাশাপাশি সব জাতিগোষ্ঠীর ভাষাকে সম্মান জানাতে হবে।

ইউএনও হাসনাত জাহান খান তাঁর বক্তব্যে বলেন, "নিজ নিজ মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট ভাষাভাষী মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" তিনি শিশুদের মাঝে বাংলা ভাষার সঠিক চর্চা বাড়াতে মানসম্মত ডিজিটাল কনটেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিনয়ের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং একটি সুন্দর জাতি গঠনে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়তে হবে। বিশেষ করে বাংলা ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্য পাঠের পরামর্শ দেন তিনি।

এর আগে, ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...