Logo Logo

এলডিসি উত্তরণ নিয়ে বাংলাদেশ ‘ক্রাইসিস বাটন’ চেপে দিয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য


Splash Image

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে গত বুধবার জাতিসংঘের কাছে আবেদন করেছে বাংলাদেশ। তবে এ বিষয়ে জাতিসংঘ এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে না। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, এই আবেদনের মাধ্যমে বাংলাদেশ মূলত ‘ক্রাইসিস বাটনে’ চাপ দিয়েছে।


বিজ্ঞাপন


আগামী সোমবার থেকে নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) পাঁচ দিনব্যাপী বৈঠক শুরু হতে যাচ্ছে। এই বৈঠকেই নির্ধারিত হবে বাংলাদেশের আবেদনটি কীভাবে মূল্যায়ন করা হবে। দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সিডিপির এনহ্যান্স মনিটরিং মেকানিজম (ইএমএম) উপকমিটির প্রধান, এই বৈঠকে অংশ নিতে আজ শনিবার রাতে নিউইয়র্ক যাচ্ছেন।

ইএমএম উপকমিটি বর্তমানে বাংলাদেশসহ নেপাল ও লাওসের মতো পাইপলাইনে থাকা দেশগুলোর পরিস্থিতি মূল্যায়ন করছে। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাংলাদেশের আবেদনটি কোনো সরকার প্রধানের পরিবর্তে একজন সচিবের পক্ষ থেকে পাঠানো হয়েছে। সরকারের অভ্যন্তরীণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। বিশেষ করে গত নভেম্বর মাসেও একই সচিব সবকিছু ঠিক আছে বলে জানিয়েছিলেন, যা বর্তমান আবেদনের সাথে সাংঘর্ষিক।

উল্লেখ্য, ইএমএম কাঠামোতে ‘ক্রাইসিস বাটন’ নামক একটি ব্যবস্থা রয়েছে, যা সাধারণত কোনো দেশ বড় ধরনের সামাজিক বা প্রাকৃতিক বিপর্যয়ে পড়লে ব্যবহার করে। এর আগে সলোমন আইল্যান্ডস সুনামির অভিঘাত মোকাবিলায় এটি ব্যবহার করেছিল। বর্তমানে বাংলাদেশও দেশি-বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করেছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা ছিল।

বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচকেই উত্তীর্ণ হয়েছিল। ২০২১ সালেই সুপারিশ করা হয়েছিল যে ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। এর আগে করোনার কারণে উত্তরণকাল দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছিল।

এখন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পুনরায় সময় বাড়ানোর এই আবেদন সিডিপি কীভাবে গ্রহণ করে, তা নিয়ে গভীর পর্যবেক্ষণ চলছে।

তথ্যসূত্র: প্রথম আলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...