Logo Logo

১ মার্চ শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি


Splash Image

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হবে, যা কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই চলবে ৯ মার্চ পর্যন্ত।


বিজ্ঞাপন


ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই গত বছরের তুলনায় ফরম পূরণের ফি ২১০ টাকা বৃদ্ধি পেয়েছে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ। তবে যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

শাখাভেদে নির্ধারিত ফি’র তালিকায় দেখা গেছে, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের মোট ২ হাজার ৯৯৫ টাকা (বোর্ড ফি ২,১৪০ ও কেন্দ্র ফি ৮৫৫) প্রদান করতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ ও কেন্দ্র ফি ৪৯৫)। উল্লেখ্য, গত বছর বিজ্ঞানে ২,৭৮৫ টাকা এবং অন্য দুই বিভাগে ২,২২৫ টাকা ফি ছিল।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না। এছাড়া মডেল টেস্ট নেওয়া গেলেও তা বাধ্যতামূলক করা বা অতিরিক্ত ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ওই বছরের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসরণ করা হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসে পরীক্ষায় বসতে হবে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষার শর্ত শিথিল করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...