বিজ্ঞাপন
এর আগে গত বছর ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ অস্থায়ী পারস্পরিক শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন এবং এ ধরনের শুল্ক আরোপের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল। তবে আদালতের এই রায়ের পর ট্রাম্প প্রথমে পুনরায় ১০ শতাংশ শুল্ক আরোপ করেন এবং এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তা বাড়িয়ে ১৫ শতাংশ করার নির্দেশ দেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট হিসেবে আমি ঘোষণা করছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”
যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী, প্রেসিডেন্টের এই বিশেষ নির্দেশনায় আরোপিত ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই শুল্ক ব্যবস্থাকে স্থায়ী রূপ দিতে এবং এর আইনি বৈধতা নিশ্চিতে তার প্রশাসন ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গত বছর জরুরি অর্থনৈতিক শক্তি আইনের (IEEPA) অধীনে বিশ্বের সব দেশের ওপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে আমদানিকৃত অনেক পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে দেশি-বিদেশি মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...