Logo Logo

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী


Splash Image

ছবি : সংগৃহীত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী থার্ড টার্মিনালটি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। কবে নাগাদ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দিষ্ট কোনো তারিখ এখনই বলা সম্ভব নয়। তবে দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় আলোচনা, কারিগরি তদন্ত ও কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে।

টার্মিনালের ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হওয়া সত্ত্বেও কেন এটি চালু করা সম্ভব হয়নি—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেন এটি চালু করা যায়নি, সেই প্রশ্নটি তাদের করা উচিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী এটি চালুর ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু কারিগরি সুপারিশ রয়েছে, যার মধ্যে কিছু অংশ সংস্কার ও নেটওয়ার্ক সমস্যা সমাধানের বিষয় অন্তর্ভুক্ত। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের বিমান পরিবহন খাতে গতিশীলতা আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...