বিজ্ঞাপন
তিনি বলেছেন, “পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়—এটি প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। আমরা যদি নিজের ঘর, উঠান ও রাস্তা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলি, তবে পুরো সমাজই স্বয়ংক্রিয়ভাবে পরিচ্ছন্ন হয়ে উঠবে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আয়োজিত এক বিশাল পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচির শুরুতে এমপি মাছুম মোস্তফা নিজ হাতে রাস্তা পরিষ্কার করে এই সচেতনতা অভিযানের শুভ উদ্বোধন করেন।
অধ্যাপক মাছুম মোস্তফা বলেন, সমাজ পরিবর্তনের মূল ভিত্তি হলো ব্যক্তি ও পরিবার। পরিচ্ছন্নতা রক্ষা করা শুধু পৌরসভা বা প্রশাসনের কাজ—এমন ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সুস্থ জীবনের পূর্বশর্ত। পরিবেশ নোংরা থাকলে রোগবালাই বৃদ্ধি পায়, যা সরাসরি মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করে। তাই পরিচ্ছন্নতা মানে শুধু ময়লা সরানো নয়, এটি একটি সুস্থ ভবিষ্যৎ গড়ার সংগ্রাম।
তিনি আরও বলেন, “আমি চাই আমাদের প্রিয় পূর্বধলা উপজেলা একটি আদর্শ ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে পরিচিতি পাক। আজকের এই কর্মসূচি কেবল একদিনের জন্য নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সচেতনতা আন্দোলনের সূচনা মাত্র। আমরা সবাই দায়িত্বশীল হলে আমাদের এলাকা আরও সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠবে।”
পরিচ্ছন্ন সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি স্থানীয়দের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার এবং অন্যদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এই সামাজিক উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ হুজাইফা, উপজেলা শুরা সদস্য মাসুদুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মালেক ও সেক্রেটারি হাফেজ সাইদুল ইসলামসহ জামায়াত ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...