Logo Logo

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা


Splash Image

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ফাইল ছবি

পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ এবং দুই দেশের জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ভারত।


বিজ্ঞাপন


রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৈঠক শেষে হাইকমিশনার বলেন, ভারত সবসময়ই একটি দূরদর্শী ও জনকেন্দ্রিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের পক্ষে। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি। ভবিষ্যতে ইতিবাচক, গঠনমূলক ও দূরদৃষ্টিসম্পন্ন মনোভাব নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রণয় ভার্মা আরও উল্লেখ করেন, ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করা এবং বহুমাত্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়াতে ভারত অত্যন্ত আগ্রহী। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে সমর্থন করার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমান নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা ও কাজের পরিধি বাড়াতেও ভারত ইতিবাচক সাড়া দিচ্ছে বলে জানান হাইকমিশনার।

ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দুই দেশের মানুষের যাতায়াত ও যোগাযোগ সহজতর করতে ভিসা প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে ভারত আন্তরিকভাবে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, কানেক্টিভিটি এবং বাণিজ্যিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...