বিজ্ঞাপন
গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুরের পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইটভাটা সংলগ্ন একটি খালের পাশ থেকে কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। এশার নামাজে যাওয়ার পথে শিশুর কান্নার শব্দ শুনে তিন ব্যক্তি এগিয়ে যান এবং তাকে উদ্ধার করে রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
একই সময়ে শিশুটির বাবা মো. মাহাবুর মোল্লা এবং তার ধর্মবোন ময়না বেগম সন্তানকে খুঁজতে থানায় উপস্থিত হন। সেখানে মাহাবুর মোল্লা উদ্ধার হওয়া শিশুটিকে তার ১৬ মাস বয়সী ছেলে মো. মিহির হিসেবে শনাক্ত করেন। পুলিশি তৎপরতায় শিশুটি ফিরে পাওয়ায় পরিবারের মাঝে স্বস্তি নেমে আসে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণ করেন। জানা গেছে, দুই মাস আগে ময়না বেগম তোতা মিয়াকে তালাক দিয়ে দুই সপ্তাহ আগে অন্যত্র বিয়ে করেন, যা তোতা মিয়া মেনে নিতে পারেননি।
গত ২১ ফেব্রুয়ারি শনিবার তোতা মিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় মাহাবুর মোল্লার বাড়িতে রাতযাপন করেন। পরদিন রবিবার সকালে ঘুরতে নেওয়ার কথা বলে শিশু মিহিরকে নিয়ে তিনি আত্মগোপন করেন। পরে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পুলিশকে জানালে শিশুকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাজাপুর ও ডুমুরিয়া থানা পুলিশের সমন্বয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...