Logo Logo

জনসেবায় অনন্য অবদান : টুঙ্গিপাড়ার ৮ প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা প্রদান


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন প্রশাসনিক কর্মকর্তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের 'বজ্রকণ্ঠ' সম্মেলন কক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিবারের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সাংবাদিকদের দীর্ঘ অনুসন্ধান, সরজমিন পরিদর্শন এবং সরাসরি সেবাগ্রহীতাদের মতামতের ভিত্তিতে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সেবা প্রদানকারী হিসেবে ৮ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়।

সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো: রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ি বাগচী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার এসআই এম এ খালেক এবং ২৫নং পাটগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিক শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান লাবিব ও দপ্তর সম্পাদক শান্ত শেখ। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমরান শেখ বলেন, "পেশাগত কারণে আমাদের প্রতিনিয়ত প্রান্তিক মানুষের সান্নিধ্যে যেতে হয়। আমরা লক্ষ্য করেছি, এই কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের এই মহতী কাজকে অনুপ্রাণিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি, ভবিষ্যতে তাঁরা জাতীয় পর্যায়েও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন।"

উপস্থিত বক্তারা এই উদ্যোগকে 'অনুপ্রেরণার নতুন দিগন্ত' হিসেবে আখ্যায়িত করে আশা প্রকাশ করেন যে, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং উপজেলার অন্যান্য দপ্তরগুলোকেও জনসেবায় আরও যত্নবান ও উৎসাহী করে তুলবে। পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...