Logo Logo

দক্ষিণ আফ্রিকাকে কটাক্ষ করা বিজ্ঞাপন, হারের পর মুছে দিতে বাধ্য হল ভারত


Splash Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের বড় ব্যবধানে হারের পর সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টস–এর একটি প্রমো বিজ্ঞাপন ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে এ নিয়ে কড়া ভাষায় প্রতিবেদন প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


রোববার রাতে আহমেদাবাদে সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারে ভারত। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার স্পোর্টসের একটি ‘কাপকেক’ প্রমো ভিডিও নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে সংস্থাটির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি আর দেখা যায়নি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রকাশিত ওই প্রমো ভিডিওতে একটি ক্যাফের দৃশ্য দেখানো হয়। সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক শেষ কাপকেকটি নিতে এগিয়ে যান। দ্রুত এগিয়ে গিয়ে কাপকেকটি তুলে নেন দক্ষিণ আফ্রিকান সমর্থক। এ সময় ভারতীয় সমর্থক তাকে ২০২৪ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের প্রসঙ্গ তুলে বিদ্রূপ করেন। পাশাপাশি বড় ম্যাচে ‘চোকার’ তকমা নিয়েও কটাক্ষ করা হয়।

বিজ্ঞাপনটি প্রকাশের পরই বিতর্কের সূত্রপাত। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা–এর প্রচলিত ডাকনাম ‘কাপকেক’ হওয়ায় দেশটির সমর্থকেরা বিষয়টি ভালোভাবে নেননি। অনেক ভারতীয় সমর্থকও সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশোভন’ বলে মন্তব্য করেন। ‘কাপকেকগেট’ হ্যাশট্যাগে অনেকে প্রশ্ন তোলেন, প্রতিপক্ষকে সম্মান দেখানোর ন্যূনতম সৌজন্যবোধ কি হারিয়ে ফেলছে সম্প্রচার মাধ্যমগুলো?

সমালোচনার আবহেই আহমেদাবাদের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ১৮৭ রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের দল অলআউট হয় মাত্র ১১১ রানে। শিবম দুবের ৪২ রান ছাড়া অন্য কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ভারতের এই পরাজয়ের পর নেটিজেনরা বিজ্ঞাপনটির প্রসঙ্গ টেনে স্টার স্পোর্টসের সমালোচনা আরও জোরদার করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে প্রমো ভিডিওটি সরিয়ে দেয়। তবে তাতেও থামেনি প্রতিক্রিয়া। দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভু একটি পাল্টা ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে তৃপ্তি নিয়ে কাপকেক খেতে দেখা যায় এবং পাশে ভারতের হারের স্কোরকার্ড প্রদর্শিত হয়। ক্যাপশনে লেখা ছিল— ‘So Sweet!’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...