Logo Logo

ফরিদপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মাধব গ্রেফতার


Splash Image

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুটি কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মাধব ঘোষ পাশের রাজবাড়ী জেলার অপরাধ জগতের একজন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি কাঁঠালবাগানে সন্দেহজনক ভাবে অবস্থান করছিলেন মাধব ঘোষ (৩৬) ও অসীম শিকদার (২১)। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে মধুখালী থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাদের আটক করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও দুটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।

আটক মাধব ঘোষ রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মন্মথ নাথ ঘোষের ছেলে। তার সহযোগী অসীম শিকদার একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, গ্রেফতারকৃত মাধব ঘোষ রাজবাড়ী জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল।

অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মধুখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...