Logo Logo

ইরানের একটি বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত


Splash Image

ইরানের ইস্ফাহান প্রদেশের দোরচেহ শহরে একটি ফল ও শাকসবজির বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সামরিক হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানী তেহরান থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে দোরচেহ শহরের একটি জনাকীর্ণ বাজারে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলিকপ্টারের পাইলট এবং কো-পাইলট প্রাণ হারান। এছাড়া বাজারের যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে উপস্থিত আরও দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

ভৌগোলিক ও সামরিক দিক থেকে ইস্ফাহান প্রদেশটি ইরানের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে ইরানের বেশ কিছু বড় বিমান ঘাঁটি এবং বিতর্কিত পরমাণু প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এমন একটি সংবেদনশীল এলাকায় এ ধরনের দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

উল্লেখ্য, ইরানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় সামরিক আকাশযান বিধ্বস্তের ঘটনা। এর আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরে বিমান বাহিনীর একটি 'এ-৪' যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, যাতে চালক নিহত হন। ঘনঘন এই বিমান দুর্ঘটনার কারণে ইরানের সামরিক সরঞ্জামগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্র : এএফপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...