Logo Logo

পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি আফগানিস্তানের


Splash Image

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ছবি সংগৃহীত

আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাবুল।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) টোলো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আফগান সরকার সরাসরি পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

আফগানিস্তানের সরকারি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি বাহিনী সুপরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান বেসামরিকদের ক্ষতি করতে চায় না, বরং পাকিস্তানের সামরিক বাহিনীকে সরাসরি লক্ষ্যবস্তু করবে।

তিনি অভিযোগ করেন, পরাশক্তির নির্দেশে পরিচালিত পাকিস্তানের একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগান সীমান্তের অভ্যন্তরে অতর্কিত বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, তারা টিটিপি’র আস্তানায় হামলা চালিয়ে অন্তত ৮০ জন যোদ্ধাকে হত্যা করেছে।

তবে জাবিউল্লাহ মুজাহিদ এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, হামলায় শিশু ও নারীরা শহীদ হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, নিহত এই মাসুম শিশুরা কি টিটিপি’র সদস্য ছিল?

টিটিপি সদস্যদের সীমান্ত অতিক্রমের পাকিস্তানি দাবি উড়িয়ে দিয়ে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কড়া পাহারার কারণে একজন অসুস্থ ব্যক্তিও যেখানে ডুরান্ড লাইন পার হতে পারে না, সেখানে সশস্ত্র টিটিপি সদস্যরা কীভাবে সীমান্ত পাড়ি দেবে?

তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তানে সাম্প্রতিক কোনো হামলার সাথে আফগানিস্তানের কোনো সংযোগ নেই; এটি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা।

আফগান এই নেতা ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে তিনটি পয়েন্ট উল্লেখ করে বলেন, প্রথমত, আমরা পাকিস্তানের এই অবৈধ পদক্ষেপের দাঁতভাঙা জবাব দেবো। দ্বিতীয়ত, সীমান্ত এলাকায় আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হবে। এবং তৃতীয়ত, যেকোনো ধরনের বিদেশি ষড়যন্ত্রের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হবে।

এই পাল্টাপাল্টি উত্তেজনায় প্রতিবেশী দুই দেশের সীমান্তে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...