বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোসতিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দোসতিনা ও ছোনগাছা গ্রামে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সালেক সর্দার (৬০) এবং অপর পক্ষের নেতৃত্বে খন্দকার হাবিবুর রহমান হাবিব (৪৫)। পূর্বের সেই দ্বন্দ্বের জের ধরেই সোমবার সন্ধ্যায় উত্তেজনা চরমে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দোসতিনা বাজারে আলিমের চায়ের দোকানের সামনে প্রথমে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে, এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র-শস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান না হলে এমন পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে।
প্রতিবেদক- আলী আশরাফ, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...