বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণার পর টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহড়া দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সড়কে আগুন জ্বালিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি ও চরম আতঙ্ক তৈরি করে।
এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গত বছরের ২০ নভেম্বর এসআই মনির হোসেন বাদী হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...