Logo Logo

মুকসুদপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত, শোকের ছায়া


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন উপজেলা সদরের সরকারি এস.জে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাফসান রাফি ও তার সহপাঠী অনুজ কর্মকার। রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ শেখের ছেলে এবং অনুজ কর্মকার পাশ্ববর্তী টেংরাখোলা গ্রামের শিশির মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাফসান রাফিকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্রাহ আল মামুন দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি মহাসড়কে ঘটায় ভাঙ্গা হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দশম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে, সহপাঠীরাও গভীর শোকে মুহ্যমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...