Logo Logo

ম্যাচের আগে বার্গার খেয়ে ‍অসুস্থ নিউজিল্যান্ড অধিনায়ক


Splash Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ড জমে উঠেছে। বিশেষ করে দুই নম্বর গ্রুপে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করায় বাকি তিন দল এখন সমীকরণ মেলানোর কঠিন চ্যালেঞ্জে। এ গ্রুপ থেকে আর মাত্র একটি দল সেমিফাইনালের টিকিট পাবে। নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামতে না পারায় নিউজিল্যান্ডের সামনে অবশিষ্ট দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। সেই সমীকরণের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ (বুধবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে কিউইরা।


বিজ্ঞাপন


সুপার এইট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তার শারীরিক অবস্থার প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস খাবার সংক্রান্ত পরিচিত এক বাস্তবতার কথা তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, এশিয়ার দেশগুলোতে সফরে গেলে অনেক বিদেশি ক্রিকেটার খাবার ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে পড়েন। যদিও আধুনিক ক্রিকেটে দলগুলো পুষ্টিবিদ ও নিজস্ব রাধুনি সঙ্গে রাখায় এমন সমস্যার ঘটনা আগের তুলনায় কমে এসেছে।

অসুস্থতার কারণ নিয়ে হাস্যরসের সুরেই স্যান্টনার জানান, তিনি অনলাইনে খাবার অর্ডার করেছিলেন, যা তার জন্য সুখকর হয়নি। স্যান্টনারের ভাষায়, ‘আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, কিন্তু সেটি ঠিকঠাক কাজ করেনি। এরপর থেকে আমি আর সে পথে যাইনি। এখন ঠিক আছি, আমাদের হাতে একটি রাত আছে, দেখা যাক।’

বিষয়টি আরও স্পষ্ট করেন তার সতীর্থ ড্যারিল মিচেল। কানাডা ম্যাচের আগে তিনি বলেন, ‘সে (স্যান্টনার) একটি “ডজি বার্গার” খেয়েছিল। এরপর থেকে খুব একটা ভালো বোধ করছিল না। আশা করি, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সে স্বাভাবিক হয়ে উঠবে।’ অসুস্থতার কারণে গ্রুপপর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামতে পারেননি স্যান্টনার। সে ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন ড্যারিল মিচেল।

পরবর্তীতে পাকিস্তান ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠেন কিউই অধিনায়ক। তবে সুপার এইটে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটি কলম্বোর বৃষ্টিতে পরিত্যক্ত হলে উভয় দল একটি করে পয়েন্ট পায়। অন্যদিকে, পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল করে ফেলেছে। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। নিউজিল্যান্ড এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে কার্যত নকআউট আখ্যা দিয়ে স্যান্টনার বলেন, ‘সুপার এইটের প্রতিটি ম্যাচই একপ্রকার নকআউট। আমাদের জন্য যে পরিস্থিতি, শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই। তারা তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই আসবে। আমরাও প্রস্তুতি অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

দুই নম্বর গ্রুপে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়েছে কয়েকগুণ। সমীকরণের এই টানটান লড়াইয়ে আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই ভাগ্য নির্ধারণী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...