বিজ্ঞাপন
কলম্বিয়ার বাররানকিয়া শহরে এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, “আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।”
দুই দিন আগে সেনাবাহিনীর অভিযানে শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে “এল মেনচো” নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ে বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াডালাজারাতেও। শহরের নিকটবর্তী একটি খামারে তাকে ধরার অভিযানে ও পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।
সহিংসতার জেরে কার্টেলের সশস্ত্র সদস্যরা মেক্সিকোর ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এ ধরনের অরাজকতার ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। যদিও এ নিয়ে সোমবার আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ফিফা।
ইনফান্তিনো কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে এএফপির সঙ্গে আলাপকালে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের নিরাপত্তা নিয়ে “কোনো ঝুঁকি নেই” বলে আশ্বস্ত করেন এবং নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রস্তুতির কথা জানান।
২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি মেক্সিকো। অন্য দুটি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বহুল প্রতীক্ষিত উরুগুয়ে বনাম স্পেন ম্যাচটিও রয়েছে। এছাড়া গুয়াডালাজারা ও মন্টেরেতে যৌথভাবে মার্চের শেষে প্লে-অফ রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখান থেকে বিশ্বকাপের শেষ দুটি দলের যোগ্যতা নির্ধারিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...