Logo Logo

অস্তিত্ব সংকটে বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীমন্ত নদী


Splash Image

বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীমন্ত নদী এখন অবৈধ দখলদারদের করাল গ্রাসে বিলীন হওয়ার পথে। পায়রা নদী থেকে উৎপন্ন হয়ে কাঁঠালতলী, শিবপুর ও কালিগঞ্জ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাকেরগঞ্জ পৌরসভার বুক চিরে তুলাতলী নদীর সাথে মিশে যাওয়া এই নদীর সেই চিরচেনা রূপ এখন আর নেই।


বিজ্ঞাপন


পৌরসভা এলাকা অতিক্রম করার সময় নদীটির দুপাশে এক শ্রেণির দখলবাজদের কালো থাবা পড়েছে। দিনের পর দিন নদী তীরের জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় ক্রমাগত ছোট হয়ে আসছে শ্রীমন্ত নদীর প্রশস্ততা এবং হারিয়ে যাচ্ছে পানি ধারণের নাব্যতা।

এক সময়ের খরস্রোতা এই নদী দিয়ে এককালে বড় বড় পণ্যবাহী নৌযান চলাচল করত। কিন্তু বর্তমানে এটি একটি মরা খালে পরিণত হয়েছে। নদীর অস্তিত্ব এখন দুচোখে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, যা স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

বাকেরগঞ্জ বন্দরের অধিকাংশ বাসিন্দা আক্ষেপ করে জানিয়েছেন, নদীটির দূষণ রোধ এবং অবৈধ দখলদারদের হাত থেকে দ্রুত রক্ষার ব্যবস্থা না নিলে এটি কেবল একটি পানি প্রবাহের নালায় পরিণত হবে। এভাবে চলতে থাকলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তী প্রজন্মকে কেবল ইতিহাসের পাতায় এই স্মৃতিবিজড়িত শ্রীমন্ত নদীর পরিচয় খুঁজে নিতে হবে। নদী রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...