Logo Logo

দোকানে ঢুকল তেলবাহী লরি : নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু


Splash Image

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় নিহত সার ব্যবসায়ী সফিকুর রহমানের মৃত্যুর ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার ছোট ছেলে সাইদুর রহমান (২০)। অল্প সময়ের ব্যবধানে বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমানের মৃত্যু হয়।

নিহত সাইদুর নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী এবং স্থানীয় ছাত্রদল কর্মী ছিলেন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সার ব্যবসায়ী সফিকুর রহমান (৬০) নিহত হন এবং তার দুই ছেলে গুরুতর আহত হন।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, দুর্ঘটনার পর আহত দুই ভাইকে প্রথমে মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া জানান, পুলিশ সাইদুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং লরিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

নিহত সাইদুর রহমান কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বাবা-ছেলের এমন অকাল বিদায়ে পরিবারটিতে এখন কেবলই আর্তনাদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...