Logo Logo

হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী


Splash Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তার বিরুদ্ধে থাকা পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

গত বছরের মে মাস থেকে কারাগারে থাকা আইভীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে আদালত এই জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ সব কটি মামলায় তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত দেন।

ডা. আইভী গত বছরের ৯ মে শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন। পরবর্তীতে তাকে বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন এবং পারভেজ হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছিল। এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায়ও তিনি অন্যতম আসামি ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, প্রথম চারটি হত্যা মামলা ফতুল্লা মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় আইভীকে হুকুমের আসামি করা হয়।

অন্যদিকে, সদর মডেল থানায় পুলিশের করা মামলাটি ছিল মে মাসে আইভীর বাসভবনে তল্লাশি চালানোর সময় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায়। ওই ঘটনায় পুলিশ গত ১২ মে একটি মামলা দায়ের করে, যেখানে আইভীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছিল।

উচ্চ আদালতের এই আদেশের ফলে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সেলিনা হায়াৎ আইভী টানা তিনবার সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আইনজীবীরা আদালতে দাবি করেছেন যে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে এসব মামলায় জড়ানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...