Logo Logo

গভীর রাতে মহিপুরে মাদকবিরোধী অভিযান, ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড


Splash Image

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকদ্রব্যের সন্ধানে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)।

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল এবং স্থানীয় এলাকাবাসী এই অভিযানে প্রশাসনকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. সোহেলকে ২ মাস, মো. ইউসুফ ও মো. নাইম শাহাজীকে ১ মাস করে এবং রবিউল ইসলামকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক জানান, সমাজ থেকে মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে এবং তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

দণ্ডপ্রাপ্তদের রাতেই যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...