Logo Logo

দেশনায়ক তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান : এস এম জিলানী


Splash Image

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশপ্রেমকে পুঁজি করে দেশনায়ক তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে পৌঁছে যান। জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদেরও সেই আদর্শ মেনে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

গোপালগঞ্জ জেলার তিনটি আসনই এখন জাতীয়তাবাদী দলের হাতে উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, এই অঞ্চলের মানুষ উন্নয়নের কোনো অধিকার থেকে বঞ্চিত হবে না।

কোটালীপাড়ার সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যে স্থানীয় সরকার ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। পানিসম্পদ মন্ত্রণালয়ে উপজেলার ৬০০ কিলোমিটার খাল খননের একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে, যা আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। উন্নয়ন কাজ সফল করতে তিনি উপস্থিত সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।

এস এম জিলানী বলেন, কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা পেলে কোটালীপাড়া উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করানো সম্ভব হবে।

সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সঙ্গে আলাপ করে চিকিৎসক ও জনবল সংকটসহ নানা সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...