Logo Logo

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের


Splash Image

পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনাচৌকিতে হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামের সামরিক অভিযান সেই ঘোষণারই অংশ বলে জানিয়েছে ইসলামাবাদ।


বিজ্ঞাপন


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে।” তিনি আরও দাবি করেন, পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে অবগত এবং প্রয়োজনীয় জবাব দেবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে পোস্ট করা বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পিএএফ ও স্থলবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে।

পাকিস্তানের দাবি, কাবুল, পাকতিয়া ও কান্দাহারের ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করা হয়েছে। পাশাপাশি দু’টি সেনা সদর দপ্তর, তিনটি ব্রিজ হেডকোয়ার্টার, গোলাবারুদের ডিপো, লজিস্টিক ঘাঁটি ও একাধিক ব্যাটালিয়ন ও সেক্টর হেডকোয়ার্টার ধ্বংসের কথাও বলা হয়েছে। ৮০টির বেশি ট্যাংক ও বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবিও করেছে ইসলামাবাদ।

এর আগে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বোমাবর্ষণ চালায় পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করেই সে অভিযান চালানো হয়েছিল। তবে কাবুলের তালেবান সরকার দাবি করে, হামলা হয়েছে বেসামরিক এলাকায় এবং হতাহতদের বেশিরভাগই সাধারণ মানুষ।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী ডুরান্ড লাইনে পাক সেনাচৌকিতে হামলায় কয়েকজন সেনা নিহত ও অপহরণের ঘটনা ঘটে। তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এক্সে দাবি করেন, নাইট ভিশন ও লেজার-নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।

দুই দেশের পাল্টাপাল্টি অভিযানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগে পড়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...