বিজ্ঞাপন
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করার পাশাপাশি দুই শ্রমিককে হাতেনাতে আটক করা হয়েছে।
সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মফিজ উদ্দিন মুন্সির ডাঙি হতে রাজাই ব্যাপারীর ডাঙি পর্যন্ত এলাকায় এই বিশেষ অভিযান চলে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটা চলছিল। এসময় বালু কাটার কাজে নিয়োজিত ফরহাদ শেখ (৩০) ও রুবেল (৩১) নামে দুই শ্রমিককে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এই অবৈধ বালু বাণিজ্যের হোতার নাম। তারা জানান, চর মাধবদিয়া ইউনিয়নের মগরব মাতুব্বরের পাড়ার জয়নাল মাতব্বরের ছেলে রাকিব এই অবৈধ ড্রেজার ব্যবসা পরিচালনা করেন। প্রশাসন থেকে অবৈধ ড্রেজার মালিককে সশরীরে অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশ ও সড়কের ক্ষতি করছে, তাদের কোনো ছাড় নেই। আমরা ৫০০ মিটার পাইপ ধ্বংস করেছি এবং অভিযুক্তদের আটক করেছি। যেকোনো বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে ইউএনও-র বিশেষ সহকারী মোহাম্মদ মামুনুর রশিদ, স্থানীয় মেম্বার মো. ইউনুস আলী বেপারী এবং আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...