মাদক সেবনে বাধা দেওয়ায় এসএসসি পরীক্ষার্থী ছেলেকে এভাবে বেঁধে রাখেন পাষণ্ড পিতা সাহিদ শেখ।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাঝারদিয়া গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাহিদ শেখ ওই এলাকার বাসিন্দা এবং পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
জানা গেছে, সাহিদ শেখের বড় ছেলে আশিক শেখ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বাবা মাদক ব্যবসায়ী হওয়ায় সামাজিক লোকলজ্জার ভয়ে আশিক বারবার তার বাবাকে এই অন্ধকার পথ ছাড়ার অনুরোধ করত। এতে ক্ষিপ্ত হয়ে পাষণ্ড বাবা আশিকের সব বই-খাতা আগুনে পুড়িয়ে দেন এবং তাকে শিকল দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করেন।
ভুক্তভোগী মা জাহানারা বেগম জানান, বুধবার বিকেলে বাড়িতে বন্ধুদের নিয়ে মাদক সেবন করছিলেন সাহিদ। এতে বাধা দিলে সাহিদ ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে আড়াই বছরের ছোট শিশু ইয়াসিনকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় সে।
ঘটনার পর সাহিদ হুমকি দেয় যে, থানা-পুলিশকে কিছু জানালে শিশুকে গুম করে ফেলা হবে। প্রাণভয়ে জাহানারা বেগম ও তার বড় ছেলে আশিক বর্তমানে পার্শ্ববর্তী মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহিদ শেখ এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তবে জেল থেকে বেরিয়ে সে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে এবং পরিবারের ওপর নির্যাতন শুরু করে।
সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল এ বিষয়ে জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...