Logo Logo

সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫


Splash Image

ফরিদপুরের সালথায় সরকারি জমি লিজ ও দখল সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সরকারি জমি লিজ নেওয়া ও দখল রাখা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত দুদিন ধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। যদিও এর আগে পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছিল।

তবে শুক্রবার রাতে সেই পুরনো বিরোধের সূত্র ধরে রোকন মোল্যা ও সঞ্জয় মালোর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ১৫ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...