Logo Logo

ঝিনাইদহে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা


Splash Image

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ২টি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩' এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় দুই মামলায় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান শেষে আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের জানান, অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ, যা সরাসরি কৃষি জমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিবেশ ও কৃষি জমির সুরক্ষা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই ফসলি জমির মাটি নষ্ট করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...