বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিমানবন্দরের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যাত্রীদের খোঁজখবর নিতে সেখানে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি ভুক্তভোগী যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের সহায়তায় গৃহীত পদক্ষেপগুলো সরাসরি তদারকি করেন।
মন্ত্রীর পরিদর্শন ও সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের বর্তমান অবস্থা এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান। মন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান যে, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে আটকে পড়া যাত্রীদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করছে।
প্রধানমন্ত্রীকে দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফুল হক চৌধুরী জানান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছেন। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইতোমধ্যে ৫০ জন এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আরও ৮০০ জন যাত্রীর থাকার জায়গা নিশ্চিত করা হয়েছে।
সিলেটের যাত্রীদের বিষয়ে মন্ত্রী জানান, ওমানের মাস্কাটগামী ফ্লাইটের জন্য ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। রোববার তাদের একটি এসি বাসে করে পুনরায় সিলেটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সংশ্লিষ্ট সব রুটের ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের বিষয়টি বর্তমানে অনিশ্চিত অবস্থায় রয়েছে, যার ফলে বিমানবন্দরে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...