Logo Logo

নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিল বিসিবি


Splash Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নির্বাচক প্যানেলে দুইজন নতুন সদস্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ রোববার প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


বিসিবি জানায়, নির্বাচক পদে আবেদন করতে হলে প্রার্থীদের প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিচারিক ক্ষমতা, বিশ্লেষণ দক্ষতা এবং কার্যকর যোগাযোগে পারদর্শী হওয়াও বাধ্যতামূলক শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত নির্বাচকরা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে জাতীয় দল ও ‘এ’ দলের খেলোয়াড় নির্বাচন করা। পাশাপাশি পাইপলাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্বও থাকবে তাদের ওপর।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, গত অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান আব্দুর রাজ্জাক।

লিপু ও রাজ্জাকের শূন্যস্থান পূরণ করতেই এবার দুইজন নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। জানা গেছে, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

ক্রিকেট সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিভা বাছাইয়ে নতুন নির্বাচক প্যানেলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...