Logo Logo

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বিলাইছড়িতে ব্র্যাকের কর্মশালা


Splash Image

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য’ প্রকল্পের আয়োজনে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই সভাটি সম্পন্ন হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. কনিষ্ক চাকমা। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ম্যানেজার বীরেশ চাকমার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ধুপ্যাচর যুব সমাজ কমিটির সভাপতি ও গণমাধ্যমকর্মী অসীম চাকমা।

প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা সুইসাইন মার্মা। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে নতুন নতুন রোগ-ব্যাধির প্রাদুর্ভাব এবং তা প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করেন। পরিবেশ দূষণ রোধে জনগণকে সচেতন করা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। বক্তারা এই প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে এর মেয়াদ বৃদ্ধির দাবি জানান।

উল্লেখ্য, ‘দ্যা গ্লোবাল ফান্ড’-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়। প্রকল্পটির বাস্তবায়নে কাজ করছে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর (IEDC) এবং ব্র্যাক।

এই প্রকল্পের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জলবায়ু সংবেদনশীল রোগের জন্য সমন্বিত নজরদারি ও পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করা। এছাড়া কমিউনিটি সার্ভেলেন্সের মাধ্যমে জলবায়ু অভিবাসী ও তাদের স্বাস্থ্য ঝুঁকি শনাক্তকরণ, ম্যালেরিয়া হটস্পট ম্যাপিং এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

কর্মশালায় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, ফার্মাসিস্ট, এনজিও প্রতিনিধি এবং যুব সমাজের প্রতিনিধি ছাড়াও প্রেসক্লাব সভাপতি পুষ্প মোহন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...