Logo Logo

ফরিদপুরে বিএনপি কর্মীর নেতৃত্বে শ্রমিকের কাছে চাঁদা দাবির অভিযোগ


Splash Image

অভিযুক্ত বিএনপি কর্মী কবির হোসেন ঠান্ডু।

ফরিদপুরের নগরকান্দার কাটুরদিয়া বাজারে এক দিনমজুর শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে।


বিজ্ঞাপন


এই ঘটনায় ভুক্তভোগী শ্রমিক জাকির মোল্যা গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ কাইচাইল গ্রামের বাসিন্দা জাকির মোল্যা (৩০) দীর্ঘ দিন ধরে কাটুরদিয়া বাজারে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। গত ২৫ ফেব্রুয়ারি সকালে বাজারে কাজ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে কবির হোসেন ঠান্ডু, সুলতান মাহমুদ (মন্টু), গিয়াস উদ্দিন মিয়া, আশরাফ মিয়া ও গোলাম মওলা মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই বাবুর কাইচাইল গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, চাঁদা না দিলে জাকিরকে বাজারে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান অভিযুক্ত কবির হোসেন ঠান্ডু কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি এলাকায় বিএনপি কর্মী হিসেবে পরিচিত।

চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে কবির হোসেন ঠান্ডু অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওই শ্রমিক বাজারে নিয়মবহির্ভূতভাবে কাজ করতেন, তাই তাকে নিষেধ করা হয়েছে। একজন শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করার বিষয়টি হাস্যকর।"

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...