Logo Logo

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি


Splash Image

ছবি : সংগৃহীত।

বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম মণিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে নূরুল ইসলাম মণির নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। তিনি বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই আসনে মোট নয়জন প্রার্থী অংশ নিলেও মূল লড়াই হয়েছিল নূরুল ইসলাম মণি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদের মধ্যে। নূরুল ইসলাম মণি ৮৯ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. সুলতান আহমদ দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮৩ হাজার ১৫ ভোট। ব্যবধান ছিল ৬ হাজার ৪১৩ ভোটের।

নূরুল ইসলাম মণি এর আগেও তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। অভিজ্ঞ এই রাজনীতিককে চিফ হুইপ মনোনীত করায় তার নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে।

সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে সমন্বয় সাধনে প্রবীণ এই সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...