Logo Logo

এমপি এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়


Splash Image

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (২ মার্চ) রাতে টুঙ্গিপাড়াস্থ এমপির ব্যক্তিগত বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, সহসভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক কালাম তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের সমস্যা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

এ সময় এমপি এস এম জিলানী বলেন, এই বিজয় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের বিজয়। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের সেবা করার জন্য। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—প্রতিটি খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি দলমত নির্বিশেষে সবার এমপি হিসেবে কাজ করতে চাই।

দুর্নীতি প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমি নিজে কোনো দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ জেলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে এমপি জিলানী বলেন, প্রধানমন্ত্রী এই জেলার উন্নয়নে কোনো কার্পণ্য না করার নির্দেশনা দিয়েছেন। দেশের অন্যান্য উন্নত জেলার মতো গোপালগঞ্জও সব ধরনের সুযোগ-সুবিধা পাবে এবং উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা হবে না।

মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনকে কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ। সত্য তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। কোথাও অনিয়ম বা দুর্নীতির তথ্য পেলে আমাকে সরাসরি জানাবেন। আমরা সবাই মিলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে একটি উন্নত ও মডেল আসনে পরিণত করব।

সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...