Logo Logo

বিয়ের অভিনয় করে প্রবাসীর ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


Splash Image

পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের প্রলোভন ও অভিনয়ের মাধ্যমে এক সৌদি প্রবাসীর বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে দুই সন্তানের জননী হাসিবা আক্তার (৩০) নামে এক নারীর বিরুদ্ধে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী প্রবাসী ইউসুফ আলী (৪৮) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত হাসিবা আক্তার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের রুহুল আমিন খানের মেয়ে।

ভুক্তভোগী ইউসুফ আলীর অভিযোগ অনুযায়ী, সৌদি আরবে থাকাকালীন হাসিবার সঙ্গে তার মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৭-৮ বছরের সম্পর্কের জেরে ২০২৪ সালের মে মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বিয়ে হয়। পরবর্তীতে গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশে ফিরে ৫ লাখ টাকা দেনমোহরে কাজীর মাধ্যমে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ওই সময় উপহার হিসেবে হাসিবাকে ৭ ভরি স্বর্ণালঙ্কার প্রদান করেন ইউসুফ।

অনুসন্ধানে জানা গেছে, হাসিবার পূর্বেও বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার দুটি সন্তান রয়েছে। গত বছরের ৭ সেপ্টেম্বর তিনি প্রথম স্বামী রুহুল আমিন ফরাজিকে তালাক দেন। এর ঠিক কয়েকদিন পর ইউসুফকে বিয়ে করলেও মাত্র এক মাস পরেই অর্থাৎ ২২ অক্টোবর ইউসুফকেও তালাক প্রদান করেন। বর্তমানে তিনি পুনরায় তার প্রথম স্বামী রুহুলের কাছে ফিরে গেছেন।

ঘটনার সাক্ষী ও হাসিবার দুলাভাই মাসুম বয়াতি জানান, তার বাড়িতেই কাজী ডেকে ইউসুফ ও হাসিবার বিয়ে সম্পন্ন হয়েছিল এবং তিনি সেই বিয়েতে সাক্ষী ছিলেন। তবে হাসিবার ভাই আমিনুল এই ঘটনা অস্বীকার করে সাংবাদিকদের ওপর চড়াও হন।

হাসিবার বর্তমান স্বামী রুহুলের দাবি, হাসিবার পরিবার টাকার লোভে পড়ে এই কাণ্ড ঘটিয়েছে।

অভিযুক্ত হাসিবা আক্তার পাল্টা দাবি করে বলেন, “বিয়ে করলে কি ডিভোর্স দেওয়া যাবে না?” তিনি ইউসুফের বিরুদ্ধে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করেছেন বলেও জানান।

তবে ভুক্তভোগী ইউসুফ আলীর দাবি, হাসিবা তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা দাবি করেছিলেন এবং সব মিলিয়ে প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ করে তাকে ‘হানিট্রাপ’-এ ফেলেছেন।

বর্তমানে ভুক্তভোগী ওই প্রবাসী হাসিবাকে আইনিভাবে ফিরে পেতে উকিল নোটিশ পাঠিয়েছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বালিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...