Logo Logo

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহাদ খানকে (৩০) নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার চরাদী ইউনিয়নের হলতা বাজার এলাকায় ‘সর্বস্তরের জনগনের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা আগামী ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, ২ নং চরাদি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাজাহান তালুকদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোওয়ান আহমেদ অমি এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন ডাকুয়া প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় ফাহাদ খানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় ফাহাদ অভিযোগ করেন যে, যুবলীগ কর্মী আরিফ খান, কাজী রিয়াজ এবং ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানাসহ আরও ৪-৫ জন তাকে কুপিয়ে জখম করেছে।

ভিডিও বার্তায় ফাহাদ আরও দাবি করেন, হলতা বাজারের এক ডিশ ব্যবসায়ীর কাছে ইউপি সদস্য রানাসহ কয়েকজনের চাঁদা দাবির প্রতিবাদ করায় এবং ওই ব্যবসায়ীকে আইনি সহায়তা দেওয়ায় তার ওপর এই হামলা হয়েছে। এছাড়া অভিযুক্ত আরিফ ও রিয়াজের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত ছিল।

ইতিমধ্যে বাকেরগঞ্জ থানা পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজী রিয়াজ নামের একজনকে গ্রেফতার করেছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...